ফুটবল

২০২৬ বিশ্বকাপ ও নিরাপত্তা শঙ্কা: মেক্সিকোতে ইরান দলের ক্যাম্পের কাছে উদ্ধার গলিত লাশ

মেক্সিকো সিটি, ১৩ জুন – ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই নিরাপত্তার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। টুর্নামেন্টের অন্যতম ভেন্যু মেক্সিকোতে ইরানের জাতীয় ফুটবল দলের অনুশীলন মাঠের অদূরে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো যৌথ আয়োজক হলেও ইরান দল তাদের বেস ক্যাম্প স্থাপন করেছে মেক্সিকোর তিহুয়ানায়। এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, গত বুধবার তিহুয়ানায় ইরানি দলের অনুশীলন ভেন্যুর বিপরীত পাশে থাকা একটি সুপারমার্কেটের পার্কিং এরিয়ায় একটি পরিত্যক্ত গাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

একটি ধূসর রঙের টয়োটা এসইউভি গাড়ির পেছনের বনেট খোলার পর পুলিশ কালো প্লাস্টিকে মোড়ানো অবস্থায় দেহটি খুঁজে পায়। তিহুয়ানার সরকারি কৌঁসুলির কার্যালয় নিশ্চিত করেছে যে, মৃতদেহের শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তদন্তকারী দল লাশটি সরানোর আগে পুরো গাড়িটি বিশদভাবে পরীক্ষা করে দেখছেন। মেক্সিকোর এই সীমান্ত শহরটি অপরাধ প্রবণতার জন্য কুখ্যাত।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালেই এই অঞ্চলে এক হাজার দুইশ এর বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ইরান ফুটবল দলকে পূর্ণ নিরাপত্তার আওতায় রাখা হয়েছে। খেলোয়াড়দের হোটেল থেকে স্টেডিয়ামে আনা নেওয়ার জন্য সশস্ত্র সেনা মোতায়েন রয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান।

২১ জুন বেলজিয়ামের বিপক্ষে লড়াই শেষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হবে তারা। এই ন্যাক্কারজনক উদ্ধার অভিযানে বিশ্বকাপ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঝে নিরাপত্তার বিষয়টি নিয়ে নতুন করে ভাবনার পরিবেশ তৈরি হয়েছে।

এস এম/ ১৩ জুন ২০২৬

Back to top button
🌐 Read in Your Language