জাতীয়

প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়, দাবি নাহিদ ইসলামের

চট্টগ্রাম, ১২ জুন – বিএনপি সরকারের ঘোষিত প্রস্তাবিত বাজেটে দেশের অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

নাহিদ ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেটে ৬ লাখ ৯০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা মূলত বাস্তবতাবিবর্জিত। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনও এত বিপুল পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়নি। বর্তমান কর ও রাজস্ব আদায়ের কাঠামোর মাধ্যমে এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করা দুরূহ হবে বলে তিনি উল্লেখ করেন।

সরকারের এই বাজেটকে উচ্চাভিলাষী আখ্যা দিয়ে তিনি আরও জানান, বাজেটের মাধ্যমে অর্থনীতিতে বড় ধরনের সংস্কারের প্রত্যাশা থাকলেও বর্তমান রূপরেখায় তার প্রতিফলন ঘটেনি।

বাজেটের কিছু ইতিবাচক দিক নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, কিছু পণ্যের কর কমানো এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক উদ্যোগ। তবে এসব উদ্যোগের বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।

সাম্প্রতিক সময়ে বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রতিটি বিভাগে কর্মসূচি পালন করা হচ্ছে বলে তিনি জানান।

সুশাসনের অভাব ও দুর্নীতির ঝুঁকি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বাজেটে দুর্নীতি প্রতিরোধে সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা নেই। বড় বাজেটের মাধ্যমে বড় দুর্নীতির সুযোগ তৈরি হওয়ার শঙ্কা থাকে।

কার্ড বিতরণ বা বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন যে কোথাও কোনো জবাবদিহিতা নেই। ঋণখেলাপিদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় তিনি বাজেটের সমালোচনা করেন।

এনএন/ ১২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language