লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, দুই শান্তিরক্ষী আহত

বৈরুত, ১২ জুন – লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের একটি গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে আন্তর্জাতিক সংস্থাটির দুইজন মালয়েশিয়ান শান্তিরক্ষী আহত হয়েছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিখ।
মুখপাত্র জানান, দেশটির দক্ষিণাঞ্চলীয় হ্যারিস গ্রামের কাছে এই হামলা চালানো হয়। বর্তমানে আহত দুই শান্তিরক্ষীর অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে এই হামলার পেছনে কারা জড়িত সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি। জাতিসংঘ কর্তৃপক্ষ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে।
এর বাইরেও লেবাননে আরও একটি উত্তপ্ত পরিস্থিতির কথা উল্লেখ করেন স্টিফেন ডুজারিখ। তিনি জানান, বিন্ট জেবেল এলাকায় জাতিসংঘের অন্য একটি গাড়িবহর লক্ষ্য করে ইসরায়েলি ট্যাংক থেকে গুলিবর্ষণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে পরবর্তীতে বহরটি পথ পরিবর্তন করে বিকল্প গন্তব্যে চলে যায়।
এছাড়া গত বুধবার বিয়াদা এলাকায় উল্লেখযোগ্য মাত্রায় ড্রোন তৎপরতা দেখা গেছে বলে জানান তিনি। সকল পক্ষকে জাতিসংঘের কর্মী ও সম্পদের নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর দাবি করেছেন।
তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের বড় ধরনের সমঝোতা সম্পন্ন হয়েছে এবং এখন কেবল শান্তিচুক্তি স্বাক্ষরের অপেক্ষা। ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, চুক্তিটি সই হলে আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। চলতি সপ্তাহের শেষেই এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
এস এম/ ১২ জুন ২০২৬







