জাতীয়

চার দিনের ব্যবধানে সিলেটে ফের ভূমিকম্প, জনমনে আতঙ্ক

সিলেট, ১১ জুন – সিলেটে চার দিনের ব্যবধানে আবারও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হলে সিলেট মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূমিকম্পের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। কম্পন শুরু হওয়া মাত্রই নিরাপত্তার খাতিরে অনেকে বাসা বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তবর্তী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

সিলেট নগরের জিন্দাবাজার, আম্বরখানা, বন্দরবাজার, সুবিদবাজার, উপশহর, টিলাগড় ও শাহপরানসহ বিভিন্ন জনবহুল এলাকায় বাসিন্দারা তীব্র কম্পন অনুভব করেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককে নিজ নিজ অভিজ্ঞতার কথা জানাতে দেখা যায়। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এর আগে গত ৭ জুন রাত ১১টা ৩৮ মিনিটে সিলেটে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে বারবার কম্পনের ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে।

এনএন/ ১১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language