ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ী টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ১১ জুন – অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৫ উইকেটে পরাজিত করে টাইগাররা। এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট দল।

এর আগে সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টি আইনে ৮৬ রানের বিশাল জয় পেয়েছিল স্বাগতিকরা।

প্রধানমন্ত্রী তারেক রহমান এক বার্তায় আশা প্রকাশ করেন যে বাংলাদেশের এই সাফল্যের জয়যাত্রা আগামীতে আরও বেগবান হবে এবং দেশের তরুণদের ক্রীড়াক্ষেত্রে উৎসাহিত করবে। তিনি আরও বলেন খেলোয়াড়দের দলগত সংহতি ও আত্মবিশ্বাস বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। এই গৌরবময় অর্জনের জন্য তিনি সকল খেলোয়াড় ও কোচিং স্টাফকে শুভেচ্ছা জানান।

ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া ৪২ ওভারে ১৮৭ রান সংগ্রহ করে। বৃষ্টির কারণে পরবর্তীতে বাংলাদেশের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৯২ রান। টাইগার ব্যাটারদের সম্মিলিত দৃঢ়তায় ৫ উইকেট হাতে রেখেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এবং নতুন এক ইতিহাস সৃষ্টি করে।

এনএন/ ১১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language