নারী কর্মীদের জন্য পিঙ্ক বাস সার্ভিস চালুর ঘোষণা অর্থমন্ত্রীর

ঢাকা, ১১ জুন – নারী শ্রমিক ও কর্মজীবী নারীদের জন্য নিরাপদ যাতায়াত এবং কর্মপরিবেশ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই পদক্ষেপের অংশ হিসেবে সম্পূর্ণ নারী চালক ও ব্যবস্থাপনায় পরিচালিত বিশেষ পিঙ্ক বাস সার্ভিস চালুর পরিকল্পনা করা হয়েছে। এছাড়া কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং শিশুশ্রম নির্মূলে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই নতুন উদ্যোগগুলো তুলে ধরেন।
অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন যে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক শ্রমবাজার গড়ে তোলা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে কর্মক্ষেত্রে নারীদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা বা হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি কার্যকর করা হবে।
নারীদের জন্য নিরাপদ আবাসন সুবিধা বৃদ্ধির পাশাপাশি কর্মস্থলে যাতায়াত সহজ করতে সম্পূর্ণ নারী পরিচালিত পিঙ্ক বাস সার্ভিস চালুর কথা জানান তিনি। এখানে চালক থেকে শুরু করে ব্যবস্থাপনা পর্যায়ের সব দায়িত্বেই নারীরা নিয়োজিত থাকবেন।
বাজেট বক্তৃতায় শিশুশ্রম নিরসনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। জোরপূর্বক শিশুশ্রম বন্ধে বিদ্যমান আইনি কাঠামো আরও শক্তিশালী করার পাশাপাশি শিশুদের শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কর্মপরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হয়েছে। এ লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ এর খসড়া এরই মধ্যে প্রণয়ন করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
নারী ও শিশুর অধিকার সুরক্ষা এবং তাদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এনএন/ ১১ জুন ২০২৬









