সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা!

ঢাকা, ১১ জুন – জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আগামী ১ জুলাই থেকে এই নতুন কাঠামো ধাপে ধাপে কার্যকর করা হবে বলে তিনি জানান।
এবারের বাজেটের মূল প্রতিপাদ্য হলো গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা।
অর্থমন্ত্রী আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট পেশ করেন। সংসদে দেওয়া বক্তব্যে অর্থমন্ত্রী বলেন যে মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারি নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা, সততা, দক্ষতা, অভিজ্ঞতা এবং প্রশিক্ষণকে প্রধান যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
তিনি উল্লেখ করেন যে দীর্ঘ ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোতে সুযোগ-সুবিধা পেয়ে আসছেন। বর্তমান সময়ে উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে সরকার এই নতুন বেতন কাঠামো চালুর সিদ্ধান্ত নিয়েছে।
অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন যে এই সংস্কারের ফলে কেবল দাপ্তরিক কাজ সহজ হবে না, বরং দেশের সামগ্রিক ব্যবসার পরিবেশ উন্নত হবে। এর ফলে দেশি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
ক্ষুদ্র থেকে বৃহৎ সব ধরনের শিল্প উদ্যোগে গতিশীলতা আসবে যা শেষ পর্যন্ত রপ্তানি ও উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সুশাসন ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে প্রবৃদ্ধি অর্জনে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এনএন/ ১১ জুন ২০২৬









