যোগাযোগ অবকাঠামো খাতে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ঢাকা, ১১ জুন – দেশের ব্যবসা-বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং যোগাযোগ অবকাঠামো শক্তিশালী করতে আগামী ২০২৬-২৭ অর্থবছরে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এই বিশাল বরাদ্দের কথা ঘোষণা করেন।
বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৪৮ হাজার ২৯২ কোটি টাকা। সড়ক ও সেতু অবকাঠামো বিষয়ে অর্থমন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং নগর পরিবহন ব্যবস্থার দক্ষতা বাড়াতে সরকার সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
নিরাপদ ও প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মহাসড়ক উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ করিডোরগুলো চার লেনে উন্নীত করা হবে। এছাড়া সড়ক নিরাপত্তা জোরদারের জন্য ৯৪টি উন্নয়ন প্রকল্প এবং দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা পুনরায় চালু করা হবে। প্রায় ৩ হাজার কিলোমিটার জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে সম্ভাব্য করিডোর চিহ্নিত করার পাশাপাশি ঢাকার যানজট নিরসনে রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণের পরিকল্পনা রয়েছে।
ছয়টি মেট্রোরেল লাইনের মাধ্যমে আধুনিক গণপরিবহন নেটওয়ার্ক এবং এর সঙ্গে মনোরেলভিত্তিক ফিডার নেটওয়ার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পুরোনো বাস সরিয়ে পর্যায়ক্রমে ইলেকট্রিক বাস নামানো এবং দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু ও ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
রেলপথের আধুনিকায়নে অর্থমন্ত্রী বলেন, নিরাপদ ও দক্ষ রেল ব্যবস্থা গড়তে সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। ঢাকা চট্টগ্রাম রেলপথের ঢাকা কুমিল্লা অংশে কর্ডলাইন নির্মাণ করা হবে যার ফলে এই পথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে আসবে। বন্দরগুলোর সঙ্গে রেল সংযোগ সম্প্রসারণ এবং স্থানীয়ভাবে কোচ ও লোকোমোটিভ সংযোজনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
নৌপথের উন্নয়নে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, চট্টগ্রাম বে টার্মিনাল এবং মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতের বিষয়ে মন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে রূপান্তর করা হবে। পর্যটন খাত থেকে জিডিপিতে ৬ থেকে ৭ শতাংশ অবদান নিশ্চিত করার লক্ষে একটি বিশাল বিনিয়োগ রোডম্যাপ তৈরি করা হচ্ছে।
এনএন/ ১১ জুন ২০২৬









