২০২৬-২৭ অর্থবছর: করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব

ঢাকা, ১১ জুন – আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট বক্তৃতা উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাব পেশ করেন।
বর্তমানে করমুক্ত আয়সীমার পরিমাণ ৩ লাখ ৫০ হাজার টাকা। দেশে বিদ্যমান মূল্যস্ফীতির চাপ বিবেচনা করে সাধারণ মানুষের সুবিধার্থে প্রায় ৭.১৪ শতাংশ আয়সীমা বৃদ্ধির এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে ২০২৭-২৮ অর্থবছরের জন্য এই সীমা ৪ লাখ টাকা করার একটি আগাম পরিকল্পনাও প্রকাশ করা হয়েছে।
বিশেষ ক্যাটাগরির করদাতাদের ক্ষেত্রেও সীমার পরিবর্তন আনা হয়েছে। নারী এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ নাগরিকদের জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তৃতীয় লিঙ্গের সদস্য এবং প্রতিবন্ধী করদাতাদের জন্য এই সীমা ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের জন্য এই সুবিধা ৫ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়। এ ছাড়া প্রতিবন্ধী সন্তানের পিতা-মাতা বা আইনানুগ অভিভাবকদের জন্য সন্তান প্রতি অতিরিক্ত ৫০ হাজার টাকা করমুক্ত সুবিধা পূর্বের ন্যায় বহাল রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিসহ সামগ্রিক উন্নয়ন খাতে মোট ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রাখা হয়েছে।
এস এম/ ১১ জুন ২০২৬









