যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি মেলেনি, দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন রেফারি ওমর আরতান

মোগাদিসু, ১১ জুন – ২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালনের স্বপ্ন পূরণ হলো না সোমালিয়ার রেফারি ওমর আরতানের। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপের রেফারিং প্যানেল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।
তবে দেশে ফেরার পর তাকে বীরোচিত সংবর্ধনা দিয়েছে সোমালিয়া। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে দেশটির সরকারি কর্মকর্তা, ফুটবল ফেডারেশনের প্রতিনিধি এবং সাধারণ মানুষের ঢল নামে। ৩৪ বছর বয়সী আরতান ছিলেন বিশ্বকাপের জন্য নির্বাচিত ৫২ জন রেফারির একজন।
প্রথম সোমালিয়ান হিসেবে এই অনন্য অর্জনের সুযোগ পেয়েছিলেন তিনি। ফ্লোরিডায় আয়োজিত রেফারিদের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে মায়ামি বিমানবন্দরে পৌঁছালে তাকে আটকে দেয় মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ।
তাদের দাবি, অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের সময় আরতানের সঙ্গে সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। যদিও আরতান শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে তুরস্ক হয়ে মোগাদিশুতে ফেরত পাঠানো হয়। দেশে ফেরার পর তিনি সোমালিয়ার প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করেন।
এস এম/ ১১ জুন ২০২৬









