অবৈধ বিয়ের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির ও স্ত্রী তামিমা

ঢাকা, ১০ জুন – ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় নাসির ও তামিমা উভয়ই আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত ৬ মে বাদী ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিনটি ধার্য করেছিলেন। শুনানিতে আসামিদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করেছিল বাদীপক্ষ।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন জানান। মামলার অভিযোগে বলা হয়েছে ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে।
রাকিবের দাবি ছিল বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেছেন যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পিবিআই তদন্ত প্রতিবেদনে তিনজনকে দোষী উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেয়।
পরবর্তীতে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট ১০ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন আদালত। আজ উভয় পক্ষের শুনানি ও সাক্ষ্য পর্যালোচনা শেষে আদালত এই রায় প্রদান করেন।
এস এম/ ১০ জুন ২০২৬









