ফরিদপুর

ফরিদপুরের পদ্মায় স্পিডবোটে ডাকাতি, ব্যবসায়ীকে কুপিয়ে মালামাল লুট

ফরিদপুর, ১০ জুন – ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়ন সংলগ্ন নদী সীমান্তে একটি যাত্রীবাহী স্পিডবোট আটকে এই হামলা চালায় ডাকাতদল। এ সময় লিটন মোল্লা নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার পাশাপাশি স্পিডবোটের মূল্যবান ইঞ্জিন ও যন্ত্রাংশ লুট করে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্পিডবোটের চালক সঞ্জিত খালাসী ঢাকা জেলার দোহার উপজেলার মৈনট ঘাটে যাত্রী নামিয়ে দিয়ে চরভদ্রাসনের গোপালপুর ঘাটে ফিরছিলেন। পথে একমাত্র যাত্রী হিসেবে ছিলেন লিটন মোল্লা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা ও ফরিদপুর জেলার সীমান্ত এলাকায় ফারুক মোল্লার চরের কাছে পৌঁছালে একটি শক্তিশালী ডাবল ইঞ্জিনের স্পিডবোট নিয়ে ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল তাদের ধাওয়া করে। একপর্যায়ে ডাকাতরা গতিরোধ করার চেষ্টা করলে চালক সঞ্জিত বোটটি চরের কিনারায় ভিড়িয়ে পার্শ্ববর্তী কাশবনে আত্মগোপন করেন।

তবে বোটের যাত্রী লিটন মোল্লা ডাকাতদের কবলে পড়েন। অস্ত্রধারী দুর্বৃত্তরা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর তারা স্পিডবোটের প্রায় ৪ লাখ টাকা মূল্যের ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশ খুলে নিয়ে চম্পট দেয়। যাওয়ার সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে লিটনের বাম হাতে আঘাত করে তাকে জখম করে। পরে স্থানীয় জেলেরা আহত লিটনকে উদ্ধার করে ঢাকার দোহারের একটি হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাশবনে লুকিয়ে থাকা চালক সঞ্জিত খালাসীকে উদ্ধার করে।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর এই নৌপথে এমন ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাংস্কৃতিককর্মী আবদুস সবুর মোল্লা বলেন, ঢাকার সঙ্গে যোগাযোগের এই গুরুত্বপূর্ণ পথটি অনিরাপদ হয়ে পড়া চরাঞ্চলবাসীর জন্য বড় দুশ্চিন্তার বিষয়। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও নৌ নিরাপত্তা জোরদারের দাবি জানান।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতদল পালিয়ে যায়। চালক সঞ্জিতকে উদ্ধার করা হয়েছে এবং সংঘবদ্ধ এই চক্রটিকে ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এনএন/ ১০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language