আইন-আদালত

সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত রাখলেন আপিল বিভাগ

বগুড়া, ৮ জুন – বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার অভিযোগে করা এক মামলায় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখেছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে জামিন দিয়েছিলেন। পরবর্তী সময়ে ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

গত ৫ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক জামিনের ওপর স্থগিতাদেশ দিয়ে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় আবদুর রহমান বদিসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছিল।

মামলায় বদিকে অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানিয়েছিল কক্সবাজারের টেকনাফে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ৪ উখিয়া টেকনাফ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। টেকনাফে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও হামলার অভিযোগে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

এস এম/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language