মধ্যপ্রাচ্য

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে বিস্ফোরণ, হামলার দায় অস্বীকার ইরানের

রিয়াদ, ৮ জুন – সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত আল-খার্জ বিমানঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সোমবার সকালে প্রিন্স সুলতান বিমানঘাঁটি হিসেবে পরিচিত এই স্থাপনায় সম্ভাব্য মিসাইল হামলার বিষয়ে সতর্কতা জারির পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে ইরান এই হামলার সাথে জড়িত থাকার বিষয়টি সরাসরি অস্বীকার করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক সামরিক কর্মকর্তা জানান, সৌদি আরবের ওই ঘাঁটিতে ইরান কোনো ধরনের হামলা চালায়নি।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কার মাঝে এই ঘটনা ঘটল। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি মিসাইল ছোড়ে। এর প্রেক্ষিতে সোমবার সকালে ইরানের রাজধানী তেহরান ও ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা হামলা চালায় ইসরায়েল।

অন্যদিকে ইয়েমেন থেকেও ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি বিদ্রোহীরা। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা হয়েছে।

এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনএন/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language