আইন-আদালত

সাংবাদিক দম্পতি শাকিল ও রুপার জামিন স্থগিত করলেন চেম্বার আদালত

ঢাকা, ৭ জুন – জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া বিভিন্ন মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ প্রদান করেন।

একই সঙ্গে তাদের জামিন সংক্রান্ত জারি করা রুলটি হাইকোর্টকে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ১১ মে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা পৃথক মামলায় এই সাংবাদিক দম্পতিকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সেই আদেশ দিয়েছিলেন। তখন ফারজানা রুপাকে ৬টি এবং শাকিল আহমেদকে ৫টি মামলায় জামিন দেওয়া হয়েছিল। তবে অন্য একটি মামলায় তাদের জামিন না দিয়ে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আদালতে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। উল্লেখ্য যে ২০২৪ সালের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়।

পরদিন উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরবর্তীতে রুবেল হত্যা মামলাসহ জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট আরও বেশ কিছু মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

এস এম/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language