দক্ষিণ এশিয়া

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: সাত দিনের আলটিমেটাম দিল সিজেপি

নয়াদিল্লি, ৭ জুন – ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী সাত দিনের মধ্যে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া না হলে দেশজুড়ে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এই রাজনৈতিক সংগঠনটি।

সম্প্রতি নয়াদিল্লির যন্তর মন্তরে শত শত ছাত্রছাত্রী ও তরুণ পেশাজীবীদের নিয়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দলটি। সেই সমাবেশ থেকেই এই আলটিমেটাম দেওয়া হয়। বিক্ষোভকারীরা নিট এবং সিবিএসইসহ বিভিন্ন সরকারি পরীক্ষায় অনিয়মের তীব্র নিন্দা জানান।

দলের মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা বিক্ষোভে অংশ নেওয়া সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম হতাশা বিরাজ করছে। তারা অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংগঠনটি জানায়,

নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে তারা নতুন কর্মসূচির ডাক দেবে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে তরুণ প্রজন্ম আগে কখনও এভাবে সোচ্চার হয়নি। যন্তর মন্তরের কর্মসূচিতে বিপুল অংশগ্রহণই প্রমাণ করে যে মানুষ পরিবর্তন চায়।

তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকার তাদের দাবি মেনে না নিলে মাঠপর্যায়ের এই আন্দোলন আরও বেগবান করা হবে। উল্লেখ্য, অনলাইনে শুরু হওয়া এই আন্দোলনের কর্মীরা যন্তর মন্তরে তেলাপোকার মুখোশ পরে অভিনব প্রতিবাদ জানান। এটি ছিল সংগঠনটির প্রথম কোনো বড় ধরনের মাঠপর্যায়ের সমাবেশ।

এস এম/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language