কমিশনারের গাড়িবহরের ট্রাফিক আইন ভঙ্গের খবর সঠিক নয় বলছে ডিএমপি

ঢাকা, ৫ জুন – ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের গাড়িবহর ট্রাফিক আইন ভঙ্গ করেছে মর্মে প্রকাশিত খবরের ব্যাখ্যা দিয়েছে ডিএমপি। বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায় যে বিভিন্ন গণমাধ্যমে কমিশনারের যাতায়াত নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে তা বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ।
সেখানে প্রকৃত পরিস্থিতির সঠিক প্রতিফলন ঘটেনি। ডিএমপির দাবি অনুযায়ী মিন্টো রোড কোনো একমুখী সড়ক নয় বরং এটি একটি দ্বিমুখী চলাচলের রাস্তা। ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে সেখানে পরীক্ষামূলকভাবে প্লাস্টিক ব্যারিকেড ব্যবহার করে অস্থায়ী ইউ টার্ন ব্যবস্থা চালু করা হয়েছে।
এটি কোনো স্থায়ী ট্রাফিক নিষেধাজ্ঞা নয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে এই অস্থায়ী ট্রাফিক ব্যবস্থা প্রয়োজন অনুযায়ী খোলা বা বন্ধ করা হয় এবং এটি নিয়মিত ব্যবস্থাপনারই অংশ। ফলে ঘটনাস্থলে নিয়ম ভঙ্গের যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে কমিশনারের গাড়িবহরের চলাচল সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তাদের পরামর্শ ও নির্দেশনার আলোকেই সম্পন্ন হয়েছে। এখানে কোনো ধরনের বিশেষ সুবিধা গ্রহণ বা আইন লঙ্ঘনের ঘটনা ঘটেনি।
ঘটনাটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ পথ শুধু কমিশনারের জন্য খুলে দেওয়া হয়েছে যা বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ডিএমপি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের লক্ষে গণমাধ্যমকে তথ্য যাচাই করার অনুরোধ জানিয়েছে।
এস এম/ ৫ জুন ২০২৬







