মেঘনার ভাঙন রোধে হিজলায় সাত গ্রামের মানুষের মানববন্ধন

বরিশাল, ৫ জুন – মেঘনা নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা বরিশালের হিজলা উপজেলার সাতটি গ্রামের বাসিন্দারা দ্রুত কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের অরাকুল গ্রামে মেঘনা নদীর তীরে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে কয়েকশ নারী, পুরুষ ও শিশু অংশগ্রহণ করে তাদের পৈতৃক ভিটেমাটি রক্ষার আকুতি জানান। হিজলা গৌরবদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মনির হোসেন।
বক্তারা বলেন,
মেঘনার করাল গ্রাসে বহু মানুষ গৃহহীন হয়ে পড়ছে এবং প্রজন্মের পর প্রজন্ম ভিটেমাটি হারাচ্ছে। এছাড়া রাতের আঁধারে অবৈধভাবে বালু কাটার ফলে ভাঙন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে।
প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মনির হোসেন অভিযোগ করেন যে,
নদীতে চর জেগে উঠলেও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার প্রভাবশালীরা তা দখল করে নিচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর পূর্ববর্তী প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের জোর দাবি জানান। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করেন যে, দ্রুত ব্যবস্থা না নিলে বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
এস এম/ ৫ জুন ২০২৬









