আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা আজ

ঢাকা, ৩ জুন – রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে গত ২৭ মে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ বুধবার জমা দেওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে গঠিত পৃথক দুটি কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির গ্যাস লিকেজ থেকে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথমে তিন সদস্যের কমিটি গঠন করে।
পরবর্তীতে অধিকতর স্বচ্ছতা ও নির্ভুল তদন্ত নিশ্চিত করতে এই কমিটিতে নিউরো চিকিৎসক এবং প্রকৌশলীসহ আরও কয়েকজন বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করা হয়।
এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধরণের অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এই মৃত্যুর ঘটনায় মূলত তথ্য উপাত্ত বিশ্লেষণে বাড়তি সময়ের প্রয়োজনে প্রতিবেদন জমার তারিখ বাড়িয়ে ৩ জুন নির্ধারণ করা হয়েছিল। পুরো বিষয়টি নিয়ে স্বাস্থ্যখাতে উদ্বেগ সৃষ্টি হওয়ায় স্বচ্ছ তদন্তের ওপর বিশেষ গুরুত্বারোপ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
এস এম/ ৩ জুন ২০২৬









