চাঁদপুরে ভাগনিকে বাইক শেখাতে গিয়ে মামা ও ভাগনির মর্মান্তিক মৃত্যু

চাঁদপুর, ৩ জুন – চাঁদপুরের মতলব সেতু এলাকায় ভাগনিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কলেজছাত্র মো. ফজলে রাব্বি ও তার ভাগনি ইশাত। মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ বছর বয়সী ইশাতের মৃত্যু হয়।
এর আগে বিকেলে মতলব সেতুর দক্ষিণ অংশের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত রাব্বি মতলব দক্ষিণ পৌর এলাকার বাইশপুর বেপারী বাড়ির মো. মিজানুর রহমানের ছেলে। তিনি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে ইশাত তার আপন ভাগনি এবং দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ইশাতের বাবা মো. জুয়েল সপরিবারে ঢাকার যাত্রাবাড়ীতে বসবাস করেন। ঈদুল আজহা উপলক্ষে মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে এসেছিল ইশাত। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় বিকেলে বাইক চালানো শেখানোর সময় গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। ইশাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারও মৃত্যু হয়। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান সড়ক দুর্ঘটনায় মামা ও ভাগনির মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এস এম/ ৩ জুন ২০২৬









