যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকার অভিযোগে ৩০ ভারতীয় ট্রাকচালক আটক

ওয়াশিংটন, ২ জুন – যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস এবং বাণিজ্যিক ট্রাকচালক হিসেবে কাজ করার অভিযোগে ৩০ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। দেশটির ফেডারেল কর্তৃপক্ষের সাম্প্রতিক এক অভিযানে তাদের আটক করা হয় এবং শিগগিরই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে মার্কিন প্রশাসন নিশ্চিত করেছে।
স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন জানায়, গত ১১ থেকে ১৫ মে পর্যন্ত অ্যারিজোনার ইউমা সেক্টরের বর্ডার প্যাট্রোল এজেন্টরা অপারেশন চেকমেট পরিচালনা করেন। এই অভিযানে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী মোট ৫২ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৩৬ জনই বিভিন্ন বাণিজ্যিক ট্রাক চালাচ্ছিলেন।
আটক হওয়া ৩৬ জন ট্রাকচালকের মধ্যে ৩০ জনই ভারতের নাগরিক। বাকি ছয়জন মেক্সিকো, এল সালভাদর ও রাশিয়ার নাগরিক। আটককৃতদের কাছে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওয়াশিংটন ও ভার্জিনিয়ার মতো অঙ্গরাজ্য থেকে সংগৃহীত বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স ছিল। তবে কয়েকজনের কাছে কোনও ধরনের বৈধ লাইসেন্স পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃতদের অধিকাংশের কাছেই কর্মসংস্থানের অনুমোদনের নথি ছিল যা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময়ে ইস্যু করা হয়েছিল। তবে বর্তমানে এসব নথির মেয়াদ শেষ হয়ে গেছে।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে,
ফেডারেল আইন অনুযায়ী সবার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অপারেশন চেকমেট মূলত অভিবাসন আইন লঙ্ঘনের মাধ্যমে অবৈধভাবে অবস্থানকারী এবং বাণিজ্যিক যানবাহন চালনা করা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্য নিয়ে পরিচালিত হয়।
যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোলের ইউমা সেক্টরের ভারপ্রাপ্ত প্রধান ডাস্টিন কডল বলেন, অপারেশন চেকমেট আমাদের সেই অঙ্গীকারের প্রতিফলন যার মাধ্যমে আমরা অবৈধভাবে অবস্থানকারী এবং জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ চালকদের হাত থেকে সড়ক ও জনপথকে নিরাপদ রাখতে চাই।
তিনি আরও জানান,
ফেডারেল এজেন্টরা প্রতিদিন টহলে থাকেন যাতে এসব ব্যক্তিকে আটক করা যায় এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে পরিবহন বিভাগ একটি নির্দেশনা জারি করেছে। এতে অযোগ্য বিদেশি চালকদের বাণিজ্যিক ট্রাক ও বাস চালানোর লাইসেন্স প্রদান বন্ধের কথা বলা হয়েছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক যান চালানোর সময় প্রাণঘাতী দুর্ঘটনার অভিযোগে বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত ট্রাকচালক গ্রেফতার ও অভিযুক্ত হয়েছেন।
এস এম/ ২ জুন ২০২৬









