বাগেরহাট

বাগেরহাটে মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে নিহত শিশু ফাতেমার দাফন সম্পন্ন

বাগেরহাট, ২ জুন – বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলীর (রহ.) মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে নিহত শিশু ফাতেমা আক্তারের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে মাজার সংলগ্ন গণকবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জেলা প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের যৌথ সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সোমবার রাত সাড়ে আটটার দিকে মাজারের দিঘির পূর্ব পাশের মহিলা ঘাটে গোসল করতে নামলে সাত বছর বয়সী ফাতেমাকে একটি কুমির টেনে পানির নিচে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তৎক্ষণাৎ উদ্ধার কাজ শুরু করেন।

পরবর্তীতে ফায়ার সার্ভিস, র‌্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের সদস্যরা দীর্ঘ তল্লাশি চালিয়ে মঙ্গলবার সকালে শিশুটির মরদেহ উদ্ধার করে। মাজার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে শিশুটি মাজার এলাকায় বসবাসরত এক মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান ছিল। দীর্ঘদিন ধরে সে মাজার প্রাঙ্গণে ঘোরাফেরা করত।

তার এই মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম জানান যে তারা শিশুটির মৃত্যুতে শোকাহত এবং তার মায়ের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান যে ধর্মীয় বিধান মেনে দাফন সম্পন্ন হয়েছে।

ভবিষ্যতে পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে কুমিরটিকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া মাজার এলাকায় স্থায়ীভাবে ট্যুরিস্ট পুলিশ মোতায়েনের বিষয়টিও প্রশাসনের বিবেচনায় রয়েছে।

এদিকে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন যে মাজারের ঐতিহ্য রক্ষা করে দর্শনার্থীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা জরুরি। দিঘির ঘাটগুলোতে প্রয়োজনে ফেন্সিং করার উদ্যোগ নেওয়া হবে।

এর আগেও এপ্রিল মাসে ওই দিঘি থেকে একটি কুকুরকে কুমিরে টেনে নেওয়ার ঘটনা ঘটেছিল। বর্তমানে এই দিঘিতে ভারত থেকে আনা একটি কুমির রয়েছে।

এস এম/ ২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language