ঈদের ছুটি শেষে গাজীপুরে ফিরছে কর্মজীবী মানুষ, মহাসড়কে নেই যানজট

গাজীপুর, ২ জুন – ঈদুল আজহার লম্বা ছুটি শেষে জীবিকার তাগিদে আবারও কর্মস্থল গাজীপুরে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তীব্র গরম উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে তাদের ফিরতে দেখা গেছে। মঙ্গলবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় উত্তরবঙ্গ থেকে আসা যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
তবে মহাসড়কে দূরপাল্লার বাসের সংখ্যা বাড়লেও যানজটের কোনো বড় খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে টানা আট দিনের লম্বা ছুটিতে গাজীপুর থেকে বিপুল সংখ্যক মানুষ নাড়ির টানে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। অধিকাংশ শিল্পকারখানা এখনো পুরোপুরি চালু না হলেও অনেক শ্রমিক আগেভাগেই ফিরতে শুরু করেছেন।
এতে শিল্পনগরী গাজীপুর আবারও তার স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে পেতে শুরু করেছে। নীলফামারী থেকে আসা আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রামের বাড়িতে ছয় দিনের ছুটি কাটিয়ে তিনি ফিরছেন এবং কাল থেকেই কাজে যোগ দেবেন।
পোশাককর্মী সোনিয়া আক্তার জানান, বাড়ি ফেরার সময় যানজট ও বাড়তি ভাড়ার বিড়ম্বনা থাকলেও ফেরার পথে তেমন কোনো ভোগান্তি পোহাতে হয়নি। গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাউগাতুল আলম বলেন, ঈদের ছুটি শেষ হওয়ায় হাজার হাজার মানুষ গাজীপুরে ফিরছেন।
মহাসড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যান চলাচল স্বাভাবিক রাখতে চন্দ্রা এলাকায় ট্রাফিক ও হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছে। এখন পর্যন্ত বড় কোনো যানজট সৃষ্টি হয়নি এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এস এম/ ২ জুন ২০২৬









