তোফায়েল আহমেদের জানাজা শেষে লাশবাহী গাড়ি ঘিরে স্লোগান, আটক ৭

ঢাকা, ১ জুন – সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে কফিন ঘিরে স্লোগান দেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।
সোমবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য অনুযায়ী জানাজা শেষে তোফায়েল আহমেদের মরদেহবাহী গাড়ি যখন স্কয়ার হাসপাতালের দিকে রওনা দিচ্ছিল তখন একদল লোক পথ আটকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে।
ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক জানান প্রায় ৫০ থেকে ৬০ জন লোক হঠাৎ স্লোগান শুরু করলে পুলিশ তাদের ধাওয়া দেয় এবং ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জানাজা শেষ হওয়ার পরপরই তাকওয়া মসজিদ এলাকা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। প্রায় আধা ঘণ্টা ধরে মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঘিরে রাখা হয়। এই পরিস্থিতিতে পুলিশ সদস্যরা তৎপর হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এর আগে বর্ষীয়ান এই রাজনীতিবিদের জানাজায় অংশ নেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এবং কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান কাদের সিদ্দিকী। জানাজায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী ও জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তোফায়েল আহমেদ। বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি দীর্ঘ আট মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার হেলিকপ্টার অথবা ফ্রিজিং ভ্যানে করে তার মরদেহ ভোলায় নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দক্ষিণ গঙ্গাপুর এলাকার কোরালিয়া গ্রামে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
এনএন/ ১ জুন ২০২৬









