অভিষেক ব্যানার্জীর ওপর হামলা: গ্রেফতার ৫, নিরাপত্তা বাড়িয়ে এক্স ক্যাটাগরি

কলকাতা, ৩১ মে – দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জীর ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার এই হামলার ঘটনার পর অভিযুক্তদের শনাক্ত করতে রাতভর অভিযান চালায় বারুইপুর পুলিশ জেলা।
গণমাধ্যম ও বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এই পাঁচজনকে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। সোনারপুরের এই অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে অভিষেক ব্যানার্জীর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। রাজ্য সরকার তাকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা প্রদানের ঘোষণা দিয়েছে।
এর ফলে এখন থেকে তিনজন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী তার সঙ্গে থাকবেন। উল্লেখ্য যে, ইতিপূর্বে তিনি জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর তার নিরাপত্তা হ্রাস করে মাত্র দুই জন রক্ষী মোতায়েন করা হয়েছিল। শনিবার হামলার সময়ও তার সাথে মাত্র দুই জন নিরাপত্তারক্ষী ছিলেন।
এই ঘটনার পর গতকাল রাতেই গভীর উদ্বেগ প্রকাশ করেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বলেন যে, যেভাবে পাথর ছোঁড়া হয়েছিল তাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।
স্থানীয় যুবকদের তৎপরতায় হেলমেট ব্যবহারের ফলে প্রাণহানির ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। হামলার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিষেক ব্যানার্জীকে হেলমেট পরিধান করতে দেখা যায়।
এস এম/ ৩১ মে ২০২৬









