মহাস্থানগড় জাদুঘরের মূর্তি বিতর্ক: তদন্তের সময় আরও ১৫ দিন বৃদ্ধি

বগুড়া, ৩০ মে – বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আসল নাকি নকল, তা নিয়ে চলমান তদন্তের সময় আরও ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে। শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তদন্ত কমিটির সদস্যরা এখন পর্যন্ত সংগৃহীত তথ্য এবং অগ্রগতির প্রতিবেদন প্রতিমন্ত্রীর কাছে পেশ করেন। বিষয়টির গভীরতা এবং সংবেদনশীলতা বিচার করে তদন্তের সময় বৃদ্ধির পাশাপাশি বৈজ্ঞানিক পরীক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
মূর্তিগুলোর সত্যতা ও মান যাচাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞ দলের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, মহাস্থানগড় আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ।
তাই তদন্তের কাজে কোনো প্রকার আপস করা হবে না। বর্ধিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, ২০০৭ সালে আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে এই ৪৭টি নিদর্শন ফ্রান্সে পাঠানো হয়েছিল।
সেখান থেকে ফিরে আসার পর নিদর্শনগুলো মহাস্থানগড় জাদুঘরের গুদামে সংরক্ষিত ছিল। সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা সভায় এ নিয়ে প্রশ্ন উঠলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ প্রদান করেন।
এস এম/ ৩০ মে ২০২৬









