নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

নেত্রকোনা, ৩০ মে – নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার দিবাগত রাতে কলমাকান্দা থেকে দুর্গাপুরগামী সড়কের গজারমারি সেতু সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নিরব এবং একই ইউনিয়নের ঘোষপাড়া এলাকার সোহান। আহত বিল্লাল ঘোষপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দুটি মোটরসাইকেলে চড়ে কয়েকজন যুবক কলমাকান্দা থেকে রহিমপুর বাজারে গিয়েছিলেন।
চা পান শেষে বাড়ি ফেরার পথে চান্দুয়াইল এলাকায় এসে পেছনের মোটরসাইকেলের আরোহীদের দেখতে না পেয়ে অন্যরা তাদের খুঁজতে থাকেন। একপর্যায়ে গজারমারি সেতুর কাছে সড়কের পাশের একটি খাদে মোটরসাইকেলসহ তিন আরোহীকে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিরব ও সোহানকে মৃত ঘোষণা করেন। আহত বিল্লালকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাসেম জানান, দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
এস এম/ ৩০ মে ২০২৬









