জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

ঢাকা, ২৮ মে – পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক শুভেচ্ছা চিঠিতে মোদি উল্লেখ করেন যে ভারত ও বাংলাদেশ জাতীয় উন্নয়নের প্রশ্নে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে যার মূল লক্ষ্য দুই দেশের জনগণের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা।

শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তিনি আরও উল্লেখ করেন যে ঈদুল আজহা ভারতের বৈচিত্র্যময় ও সমৃদ্ধ ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ এবং দেশজুড়ে লাখ লাখ মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে এই উৎসব পালন করে থাকেন।

নরেন্দ্র মোদি তার চিঠিতে বলেন এই পবিত্র উৎসব ত্যাগ সহানুভূতি এবং ভ্রাতৃত্বের আদর্শকে সমুন্নত রাখে। একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পৃথিবী গড়ে তোলার জন্য এই গুণাবলি অত্যন্ত অপরিহার্য।

তিনি দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে বলেন যে পারস্পরিক ত্যাগ সাংস্কৃতিক মেলবন্ধন এবং শান্তি ও স্থিতিশীলতার ওপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক সুগভীর হয়েছে।

চিঠির শেষে ভারতের প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে দুই দেশের মধ্যকার সহযোগিতাপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করতে বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত সবসময়ই আগ্রহী।

এস এম/ ২৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language