নারায়ণগঞ্জে ২৪টি শহীদ পরিবারকে কোরবানির খাসি উপহার দিলেন এমপি আল আমিন

নারায়ণগঞ্জ, ২৮ মে – নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ২৪টি পরিবারের মাঝে কোরবানির জন্য একটি করে খাসি উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
বুধবার এনসিপির স্থানীয় নেতাদের সাথে নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছেন তিনি। এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন জানান, গত বছর রোজার ঈদে তিনি ফতুল্লার শহীদ মাবরুর হাসান রাব্বির পরিবারের কাছে গিয়েছিলেন।
রাব্বি ছিল তার পরিবারের একমাত্র ছেলে এবং সে তার মাকে কথা দিয়েছিল যে নিজে আয় করে পরের বছর কোরবানি দেওয়াবে। কিন্তু সেই সন্তানই দেশের জন্য শহীদ হয়ে যায়। মায়ের মুখে এই আক্ষেপের কথা শোনার পরই সংসদ সদস্য আল আমিন শহীদের সেই স্বপ্ন পূরণের সংকল্প করেন।
গত বছর ২২টি খাসি উপহার দেওয়া হলেও এ বছর ২৪টি শহীদ পরিবারের তালিকায় যুক্ত হয়েছে। বিকেলের মধ্যেই এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে সব থানার শহীদ পরিবারগুলোর ঘরে ঘরে এই উপহার পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন করবেন বলে জানানো হয়েছে।
এস এম/ ২৮ মে ২০২৬









