হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

ঢাকা, ২৭ মে – সারা দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ৬২ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ২৭ মে সকাল পর্যন্ত মোট দুই মাসে সারা দেশে ৫৬০ জন শিশু হাম এবং এর উপসর্গ নিয়ে মারা গেছে। এর মধ্যে ৮৮ জন শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে বলে জানানো হয়েছে। বাকি ৪৭২ জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
বিগত দুই মাসে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮৩৪ জনে। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৬৭ হাজার ৭৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে সংক্রমণের হার সবচেয়ে বেশি। এই বিভাগে এ পর্যন্ত ২৩৮ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৭৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিনের নিয়মিত পর্যবেক্ষণের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করেছে।
এনএন/ ২৭ মে ২০২৬









