সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ মহাসড়কে যানজটহীন স্বস্তির ঈদযাত্রা

সিরাজগঞ্জ, ২৬ মে – পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরছে উত্তরবঙ্গের মানুষ। প্রতি বছরের এই সময়ে সিরাজগঞ্জ মহাসড়কে যানজটের ভোগান্তি নিত্যদিনের চিত্র হলেও এবারের পরিস্থিতি অনেকটাই ব্যতিক্রম। বিপুল সংখ্যক যানবাহনের চাপ থাকলেও নেই কোনো দীর্ঘ যানজট বা স্থবিরতা।

মঙ্গলবার বিকেল পর্যন্ত যমুনা সেতু পশ্চিম পাড়, কোনাবাড়ি মোড়, সায়দাবাদ, নলকা ও হাটিকুমরুল গোলচত্বর এলাকা ঘুরে দেখা গেছে, যানবাহনগুলো স্বাভাবিক গতিতে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবারের যাতায়াত ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন।

বাস ও ট্রাক চালকদের মতে, যমুনা সেতুর পশ্চিম পাড়ে চার লেনের মহাসড়ক এবং হাটিকুমরুল গোলচত্বরের নবনির্মিত ইন্টারচেঞ্জ চালু হওয়ায় যান চলাচলে শৃঙ্খলা ফিরেছে। হাইওয়ে পুলিশের তৎপরতায় গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও নেই কোনো ধীরগতি।

যমুনা সেতু সাইট অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ৩২ হাজার ১৮৬টি যানবাহন উত্তর ও দক্ষিণাঞ্চলের উদ্দেশে পার হয়েছে। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে এবং নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা বন্ধ রাখা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, যানবাহনের চাপ ক্রমান্বয়ে বাড়লেও এখন পর্যন্ত যান চলাচল সচল রয়েছে। উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের প্রধান এই পথে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে প্রশাসন। যাত্রী ও চালকদের জন্য এবারের ঈদযাত্রা পূর্বের তুলনায় অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠেছে।

এস এম/ ২৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language