সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও যান চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জ, ২৫ মে – পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এই উৎসবকে সামনে রেখে সোমবার সকাল থেকেই সিরাজগঞ্জের যমুনা সেতু সংযোগ মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ পরিলক্ষিত হচ্ছে। বিকেলের দিকে উত্তরবঙ্গমুখী যানবাহনের সংখ্যা আরও বৃদ্ধি পেলেও মহাসড়কের কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।
সোমবার বিকেলে সিরাজগঞ্জ মহাসড়কের যমুনা সেতুর পশ্চিম পাড়, কোনাবাড়ি মোড়, সায়দাবাদ এলাকা, কড্ডার মোড় ও নলকা এলাকা ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গমুখী লেনে যানবাহনের সংখ্যা ক্রমাগত বাড়ছে। দূরপাল্লার বাস, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলের দীর্ঘ সারি থাকলেও শৃঙ্খলা বজায় রয়েছে।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ সদস্যদের সক্রিয় দায়িত্ব পালন করতে দেখা গেছে। নির্দিষ্ট স্থান ছাড়া যাত্রী ওঠানামা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,
স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে দৈনিক ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করলেও গত ২৪ ঘণ্টায় তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০ হাজারে। সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে উভয় প্রান্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি চলছে।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, সকাল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি।
পুলিশি তৎপরতার কারণে এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক ও স্বস্তিদায়ক রয়েছে। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের অন্যতম এই রুটে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রশাসন সজাগ রয়েছে।
এস এম/ ২৫ মে ২০২৬









