জাতীয়

ট্রাফিক জরিমানার ভুয়া এসএমএস থেকে সতর্ক থাকতে ডিএমপির আহ্বান

ঢাকা, ২৫ মে – ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে যে রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গের জরিমানা আদায়ের নামে ভুয়া এসএমএস ছড়িয়ে প্রতারণার চেষ্টা চালাচ্ছে একটি চক্র। এ ধরনের বিভ্রান্তিকর বার্তায় কান না দেওয়ার জন্য নগরবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান যে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে ট্রাফিক বিভাগের নামে জরিমানা সংক্রান্ত বার্তা পাঠানো হচ্ছে যা সম্পূর্ণ বানোয়াট।

তিনি জানান যে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী কোনো যানবাহনের বিরুদ্ধে মামলা হলে সংশ্লিষ্ট গাড়ির মালিকের ঠিকানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়। জরুরি প্রয়োজনে শুধুমাত্র ০১৩২০০৪২২০৭ এবং ০১৩২০০৪২২২৭ এই দুটি সরকারি মোবাইল নম্বর থেকে খুদে বার্তা পাঠানো হতে পারে।

ট্রাফিক এআই বা ভিডিও মামলার জরিমানার টাকা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধের জন্য উপায় এবং সিবিবিএল প্ল্যাটফর্ম ব্যবহার করা যায়। ডিএমপির ট্রাফিক বিভাগ কখনোই কোনো ব্যক্তির কাছে পিন নম্বর অথবা ওটিপি চায় না। কেউ এ ধরনের তথ্য চাইলে তাকে প্রতারক হিসেবে গণ্য করার পরামর্শ দেওয়া হয়েছে।

যে কোনো তথ্যের জন্য ডেল্টা ৩ অথবা সংশ্লিষ্ট নম্বরগুলো এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

এস এম/ ২৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language