জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

ঢাকা, ২৫ মে – আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এই জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
সোমবার জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। প্রশাসক জানান যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইতোমধ্যে ঈদগাহের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। জাতীয় ঈদগাহ ময়দানে একসাথে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
তবে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজন করা হবে। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে জাতীয় ঈদগাহে প্রবেশের জন্য চারটি পথ এবং বের হওয়ার জন্য সাতটি পথ রাখা হয়েছে।
ঈদগাহ প্রাঙ্গণে মোট ১২১টি কাতার করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে পাশের অজুখানায় ১৪০ জন একসাথে অজু করতে পারবেন। এছাড়া পুরো ময়দানে পর্যাপ্ত ফ্যান এবং লাইটের পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে।
জরুরি প্রয়োজনে ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে বলে ডিএসসিসি সূত্রে জানা গেছে।
এস এম/ ২৫ মে ২০২৬









