নেত্রকোনায় হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনা, ২৪ মে – নেত্রকোনার মদন উপজেলায় হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আমিনুল ইসলাম এরশাদ নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বাগজান গ্রামের সামনের হাওরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম ওই গ্রামের মৃত এলাই নেওয়াজ খাঁর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান,
সকালে বাড়ির সামনের হাওরে গরু চরাতে দিয়ে আসেন আমিনুল। পরে দুপুরে বৃষ্টি শুরু হলে তিনি গরুগুলো বাড়িতে আনতে যান। সেই সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বৃষ্টি থামার পর এলাকাবাসী তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
সেখান থেকে স্বজনরা তাকে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাহাতুল ইসলাম ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার প্রেক্ষিতে মদন উপজেলার সহকারী কমিশনার ভূমি শাওলিন নাহার জানান, নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কর্মস্থলে যোগদান করেছেন। তার নির্দেশনা অনুযায়ী নিহত কৃষকের পরিবারের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস এম/ ২৪ মে ২০২৬









