জাতীয়

ঈদুল আজহায় যানজট নিয়ন্ত্রণে ডিএমপির কড়াকড়ি, মহাসড়কে ৬ দিন ভারী যান চলাচল বন্ধ

ঢাকা, ২৪ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে এবং কোরবানির পশুর হাটের কারণে সৃষ্ট যানজট নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই নির্দেশনার আওতায় আগামী ২৫ থেকে ২৭ মে এবং ২৯ থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে গত রবিবার এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের সময় ঢাকা থেকে আনুমানিক এক কোটির বেশি মানুষ গ্রামে যান এবং প্রায় ৩০ লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করেন। এই বিশাল জনস্রোত এবং পশুর হাট সংলগ্ন এলাকার যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী,

নির্ধারিত ছয় দিন মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও পশুবাহী গাড়ি, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, পোশাক সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া রুট পারমিটহীন কোনো বাস চলাচল করতে পারবে না।

আন্তঃজেলা বাসগুলোকে টার্মিনালের ভেতর থেকে যাত্রী নিয়ে সরাসরি গন্তব্যে যেতে হবে এবং কোনোভাবেই সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করা যাবে না। অনুমোদিত কাউন্টার ছাড়া রাস্তা থেকে যাত্রী তোলাও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ঈদযাত্রার চাপ সামাল দিতে ২৫, ২৬ ও ২৭ মে উত্তরা আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়কটি একমুখী করা হবে। এই সময়ে এই পথে শুধু ঢাকা থেকে বহির্গামী যানবাহন চলাচল করতে পারবে এবং ঢাকামুখী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

একইভাবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের এয়ারপোর্ট থেকে গাজীপুরমুখী লেনটিও উল্লিখিত দিনগুলোতে শুধু ঢাকা ছাড়ার জন্য ব্যবহৃত হবে।

গণবিজ্ঞপ্তিতে যানজট এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া বনানী থেকে আব্দুল্লাহপুর, যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড, শ্যামলী থেকে গাবতলী এবং ফুলবাড়িয়া থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিহারের অনুরোধ জানানো হয়েছে।

পশুর হাটকেন্দ্রিক নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সীমানার বাইরে সড়কে পশু ক্রয় বিক্রয় বা লোড আনলোড করা যাবে না। নির্দেশ অমান্য করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা ও মোবাইল কোর্ট পরিচালনার হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি।

এস এম/ ২৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language