দক্ষিণ এশিয়া

পাকিস্তানে সেনা অভিযানে টিটিপি কমান্ডারসহ ২৩ জঙ্গি নিহত

ইসলামাবাদ, ২২ মে – পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান ও বান্নু জেলায় সামরিক বাহিনীর এক বিশেষ অভিযানে নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) এক শীর্ষ কমান্ডারসহ ২৩ জন জঙ্গি নিহত হয়েছেন।

নিহত এই কমান্ডারের নাম জান মীর ওরফে তুর সাকিব। জান মীর দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা ও পরিচালনার জন্য পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। পাকিস্তান সরকার তার মাথার জন্য পুরস্কারও ঘোষণা করেছিল।

পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গত ৪৮ ঘণ্টা ধরে দক্ষিণ ওয়াজিরিস্তানের দাত্তা খেল, স্পিনওয়াম উপজেলা এবং বান্নু জেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে টিটিপির বিভিন্ন আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং আইইডি বোমা উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী ওই এলাকায় জঙ্গিদের তৈরি করা বেশ কিছু সুড়ঙ্গ ও গোপন বাঙ্কার ধ্বংস করেছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, জান মীর দক্ষিণ ওয়াজিরিস্তানে টিটিপির অন্যতম প্রধান নেতা ছিলেন।

তার মৃত্যু এই সশস্ত্র গোষ্ঠীর জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে ওই এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং জঙ্গিদের নির্মূল করতে সেনাবাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

এস এম/ ২২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language