জাতীয়

রাজধানীর কাঁচাবাজারে কিছুটা কমেছে সবজির দাম, তবুও কেজিপ্রতি ৮০ টাকা

ঢাকা, ২২ মে – রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। গত সপ্তাহে প্রায় সব ধরনের সবজি কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে থাকলেও বর্তমানে তা কমে ৮০ টাকার আশেপাশে অবস্থান করছে। তবে গোল বেগুনের দাম এখনো চড়া রয়েছে যা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রবার রাজধানীর মালিবাগ ও রামপুরাসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে করলা কেজিপ্রতি ৮০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, শসা ৬০ টাকা এবং টমেটো ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পটল, ঝিঙ্গা, বরবটি, পেঁপে ও চিচিঙ্গার মতো অধিকাংশ সবজি ৮০ টাকা কেজিতে থিতু হয়েছে।

ঢ্যাঁড়শ ও মিষ্টি কুমড়া কিছুটা কম দামে ৬০ ও ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ১২০ টাকা এবং প্রতি হালি কাঁচা কলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। বাজারে আসা সাধারণ ক্রেতারা বলছেন গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমলেও সাধারণ মানুষের জন্য তা এখনো স্বস্তিদায়ক নয়।

মালিবাগ বাজারের এক ক্রেতা জানান সবজি কেজিপ্রতি ৮০ টাকা হওয়ার অর্থ হলো বাজার দর এখনো উচ্চমূল্যেই রয়েছে। সঠিক বাজার তদারকি বা মনিটরিং না থাকায় বিক্রেতারা ইচ্ছামতো দাম নিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

সবজি বিক্রেতাদের দাবি বাজারে সরবরাহ বাড়ার কারণে গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে। তবে সামনে কোরবানির ঈদকে কেন্দ্র করে পরিবহন সংকটের কারণে বাজারে পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে।

এর ফলে ঈদের আগে সবজির দাম ফের বাড়ার আশঙ্কা করছেন তারা। মূলত নতুন সিজন বা মৌসুমের সবজি বাজারে পর্যাপ্ত পরিমাণে না আসা পর্যন্ত দর পুরোপুরি নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা কম বলে ব্যবসায়ীরা জানান।

এস এম/ ২২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language