রামিসার বড় বোনের দায়িত্ব গ্রহণ প্রধানমন্ত্রীর

ঢাকা, ২২ মে – রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যার শিকার সাত বছরের শিশু রামিসার শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি মিরপুর ১১ নম্বর এলাকায় শিশুটির বাসায় পৌঁছান।
সেখানে তিনি নিহত রামিসার পরিবারের সদস্যদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এই সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী রামিসার বড় বোন রাইসা আক্তারের পড়াশোনা ও ভবিষ্যতের যাবতীয় দায়িত্ব গ্রহণের প্রতিশ্রুতি দেন।
প্রধানমন্ত্রীর সাথে এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান যে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে রামিসার বাবার হাতে আর্থিক সহায়তার একটি চেক তুলে দিয়েছেন।
উল্লেখ্য যে গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় পল্লবী থানায় একটি মামলা করা হয়।
পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর ঘাতক সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে নিজের অপরাধের কথা স্বীকার করেছে।
প্রধানমন্ত্রী এই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।
এস এম/ ২২ মে ২০২৬









