পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী: জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস

ঢাকা, ২১ মে – রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার আট বছর বয়সী শিশু রামিসা আক্তারের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সরাসরি পল্লবীতে শিশুটির বাসায় যান। সেখানে তিনি রামিসার শোকসন্তপ্ত মা ও বাবার সাথে কথা বলেন এবং তাদের গভীর সমবেদনা জানান।
রামিসার পরিবারের সদস্যদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটান প্রধানমন্ত্রী। তিনি এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারকে আশ্বস্ত করে বলেন যে এই নির্মম ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
এর আগে গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে।
আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে। এই ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এনএন/ ২১ মে ২০২৬









