৯ ঘণ্টা পর চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল শুরু

চাঁদপুর, ২১ মে – দীর্ঘ ৯ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জেলা প্রশাসন ও বাস মালিক শ্রমিক নেতাদের মধ্যে ফলপ্রসূ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। চাঁদপুর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,
প্রশাসনের সঙ্গে আলোচনার পর শ্রমিকরা বাস চলাচলের সিদ্ধান্ত নেন। এর আগে গত বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় বোগদাদ ও আইদি পরিবহনের বাসে ভাঙচুর এবং শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে। শ্রমিকদের দাবি অনুযায়ী এই হামলায় ৩৩টি বাস ক্ষতিগ্রস্ত এবং ৫০ জন শ্রমিক আহত হয়েছেন।
আহতদের মধ্যে ১২ জন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং ৫ জনকে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এই রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেন শ্রমিকরা। মূলত বলাখাল বাজারে বাস স্টপেজের দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের সড়ক অবরোধকে কেন্দ্র করে পরিস্থিতির অবনতি হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন জানান,
পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সভার মাধ্যমে সমঝোতা হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং স্থানীয়দের দাবিকৃত বাস স্টপেজের বিষয়টি ঈদের পর আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
এস এম/ ২১ মে ২০২৬









