চালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে শুনানি ২৫ জুন

ঢাকা, ২১ মে – রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ট্রাক চালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৫ জুন দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন। মামলার শুনানিতে অংশ নিতে এদিন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
সকাল সাড়ে নয়টার দিকে কড়া নিরাপত্তায় তাদের প্রিজনভ্যানে করে আদালত প্রাঙ্গণে আনা হয়। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুনাইদ আহমেদ পলক জানান তিনি হাসপাতাল থেকে এসেছেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন। উল্লেখ্য যে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাক চালক মো. হোসেন।
এই ঘটনায় ওই বছরের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
বর্তমানে এই মামলার ২০ জন আসামি পলাতক রয়েছেন এবং তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পলাতক আসামিদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের মতো শীর্ষ নেতারা রয়েছেন।
এস এম/ ২১ মে ২০২৬









