জাতীয়

কোরবানির বর্জ্য অপসারণ হবে ৮ ঘণ্টায়: ডিএসসিসি প্রশাসক

ঢাকা, ২০ মে – ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কোরবানির বর্জ্য অপসারণের বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন যে, পশু কোরবানি হওয়ার পরবর্তী ৮ ঘণ্টার মধ্যে পুরো ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন করা হবে।

বুধবার সকালে একটি সবজি বাগান ল্যান্ডস্কেপিং কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রশাসক বলেন, কোরবানির পশুর হাট শেষ হওয়ার রাত থেকেই বর্জ্য অপসারণের প্রাথমিক কার্যক্রম শুরু হবে।

এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোট ১১টি পশুর হাটের অনুমতি দেওয়া হয়েছে। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সেখানে পশু চিকিৎসকদের একটি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও হাটে মোতায়েন থাকবেন।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এডিস মশার বিস্তার রোধে লার্ভা উৎপন্ন হতে পারে এমন স্থানগুলো আগেভাগেই চিহ্নিত করা হচ্ছে।

পানি জমে না থাকলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা কমে যায়, তাই তিনি নগরবাসীকে এ বিষয়ে সচেতন থাকার ও চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। জনস্বাস্থ্য রক্ষায় ডিএসসিসি এখন থেকেই কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।

এস এম/ ২০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language