খুলনায় স্থগিতাদেশ অমান্য করে খেয়াঘাট ইজারা: ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

খুলনা, ২০ মে – খুলনার ৬টি খেয়াঘাট ইজারা দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্থগিতাদেশ অমান্য করার অভিযোগ উঠেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিরুদ্ধে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইজারা কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানসহ চার কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন বর্তমান ইজারাদার শেখ আলী আকবর।
মামলার নথিসূত্রে জানা যায়,
খুলনা সদর, রূপসা, দৌলতপুর, দিঘলিয়া ও খান জাহান আলী থানার আওতাধীন রূপসা, কাস্টমস, কালিবাড়ি, মহেশ্বরপাশা ও দৌলতপুর, হার্ডবোর্ড এবং বারাকপুর খেয়াঘাটগুলো নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর মধ্যেই ২০২৬-২৭ অর্থবছরের জন্য নতুন করে ইজারা দিতে বিআইডব্লিউটিএ খুলনা কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে ইজারাদার পক্ষ আপিল বিভাগে আবেদন করলে গত ২৩ এপ্রিল আদালত সংশ্লিষ্ট সকল কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রদান করেন। পরবর্তীতে স্থগিতাদেশের অনুলিপি নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়।
তবে অভিযোগ উঠেছে যে,
আদালতের এই আদেশ উপেক্ষা করে বিআইডব্লিউটিএর কিছু কর্মকর্তা স্থানীয় একটি চক্রের সঙ্গে মিলে টেন্ডার কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নিয়েছেন।
এই ঘটনায় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, যুগ্ম পরিচালক এ কে এম কায়সারুল ইসলাম এবং উপপরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজের বিরুদ্ধে আপিল বিভাগে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী জানান, আদালতের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় যেকোনো ধরনের টেন্ডার কার্যক্রম পরিচালনা করা আইনগতভাবে অবৈধ।
এস এম/ ২০ মে ২০২৬









