হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার পরামর্শ ধর্ম মন্ত্রণালয়ের

ঢাকা, ২০ মে – সৌদি আরবে অবস্থানরত এবং গমনিচ্ছুক হজযাত্রীদের তীব্র গরম থেকে সুরক্ষায় সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার বিশেষ অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষাপটে বুধবার এই পরামর্শ প্রদান করা হয়েছে।
হজযাত্রীদের নিরাপত্তায় মন্ত্রণালয় বেশ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে। এতে বলা হয়েছে, হজযাত্রীরা যেন প্রয়োজনে ছায়ায় বিশ্রাম নেন এবং এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের ক্ষেত্রে যতটা সম্ভব পরিবহন ব্যবহার করেন।
হাঁটাচলার সময় ছাতা ব্যবহার করা কিংবা মাথা ঢেকে রাখার ব্যবস্থা করার পাশাপাশি সর্বদা ছায়াযুক্ত পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া পানিশূন্যতা রোধে নিয়মিত পর্যাপ্ত পানি পান করার কথা বলা হয়েছে।
স্বাচ্ছন্দ্যের সঙ্গে ইবাদত সম্পন্ন করার উদ্দেশ্যে সুরক্ষা ছাড়া দীর্ঘ সময় রোদে অবস্থান করা এবং অতিরিক্ত গরমের সময় সরাসরি রোদে হাঁটা থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে। চলতি বছর হজযাত্রীদের সচেতনতা বৃদ্ধিতে সৌদি সরকারের সঙ্গে যৌথভাবে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন সচেতনতামূলক কনটেন্ট আপলোড করা হচ্ছে, যা হজ সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপেও প্রচার করা হচ্ছে।
এস এম/ ২০ মে ২০২৬









