খুলনা

খুমেক হাসপাতালে আগুন: আইসিইউ থেকে রোগী সরানোর সময় নারীর মৃত্যু

খুলনা, ২০ মে – খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) থেকে রোগী স্থানান্তরের সময় নাসরিন নাহার নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে হাসপাতালের তৃতীয় তলায় পুরোনো আইসিইউ সংলগ্ন স্টোররুমে এই আগুনের সূত্রপাত হয়।অগ্নিকাণ্ডে দুই নার্সসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। নিহত নাসরিন নাহার খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে,

আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় আগুন লাগলে আতঙ্কে স্বজনরা তাকে তড়িঘড়ি করে বাইরে বের করে আনেন। এ সময় হাসপাতালের বারান্দায় তার মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস জানায়,

ভোর সাড়ে পাঁচটার দিকে আগুনের খবর পেয়ে তাদের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের আইসিইউ ইনচার্জ দিলীপ কুমার জানান,

স্টোররুমে রাখা পুরোনো কাপড় ও সরঞ্জামে আগুন লাগার পর বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডার ও এসি বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। রোগীদের নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ১৫ জন রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

ধোঁয়ার মধ্যে রোগী স্থানান্তরের সময় আতঙ্ক তৈরি হওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে। অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের স্টাফ সাইদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালী, শারমিন এবং ফায়ার সার্ভিসের সদস্য তৌহিদ আহত হয়েছেন।

আহত নার্সদের উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে শর্টসার্কিট বা এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হলেও পূর্ণাঙ্গ তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এস এম/ ২০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language