জাতীয়

ঈদুল আজহায় পশুর হাটের সীমানার বাইরে গরু রাখা যাবে না: ডিএমপি কমিশনার

ঢাকা, ১৯ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের শৃঙ্খলা বজায় রাখা এবং যানজট নিরসনে কড়া নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, হাটের নির্ধারিত সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না।

একই সঙ্গে রাস্তা বা হাটের বাইরে কোনো পশুবাহী যানবাহন নিয়ে টানাটানি বা জোরজবরদস্তি করলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ, বিপণন এবং পশুবাহী যানবাহনের নিরাপত্তাসহ ঢাকা মহানগরীর সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। ডিএমপি কমিশনার জানান, জাল টাকা শনাক্ত করার জন্য প্রতিটি পশুর হাটে ডিএমপির পক্ষ থেকে বিশেষ মেশিন স্থাপন করা হবে।

এছাড়া উৎসবের এই সময়ে জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রাখার আহ্বান জানান তিনি। সরকারের সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করে ঈদযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল করার অনুরোধও জানান কমিশনার।

সমন্বয় সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ঈদুল আজহার সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন।

সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ ইউনিটের প্রতিনিধি ছাড়াও বাংলাদেশ ব্যাংক, প্রাণিসম্পদ অধিদফতর, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সেবাদানকারী সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজ নিজ পরামর্শ ও মতামত ব্যক্ত করেন।

এস এম/ ১৯ মে ২০২৬

 


Back to top button
🌐 Read in Your Language