বাউফলে বিএনপি-জামায়াত উত্তেজনার মুখে এক ঘণ্টা অবরুদ্ধ সেতুমন্ত্রী

পটুয়াখালী, ১৯ মে – পটুয়াখালীর বাউফল উপজেলায় লোহালিয়া নদীর ওপর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের উত্তেজনার মুখে পড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। দুই দলের কর্মীদের মুখোমুখি অবস্থানের কারণে মন্ত্রী প্রায় এক ঘণ্টা সেখানে অবরুদ্ধ অবস্থায় ছিলেন।
পরে পরিস্থিতির অবনতি ঘটলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। মঙ্গলবার দুপুরে সেতুমন্ত্রী বগা ফেরিঘাটে পৌঁছানোর পর নদীর পূর্বপাড়ে জামায়াত সমর্থিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ আয়োজিত একটি জনসভায় যোগ দিতে চেয়েছিলেন।
তবে সভায় মন্ত্রীর অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাধা প্রদান করেন। মন্ত্রী পূর্বপাড়ে পৌঁছানোর সাথে সাথে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে মন্ত্রীর গাড়িবহর ঘিরে ফেলা হয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন।
দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর সেতুমন্ত্রী পুনরায় ফেরিতে করে পশ্চিমপাড়ে ফিরে যান এবং পটুয়াখালীর উদ্দেশে রওনা দেন। স্থানীয় বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সভাস্থলের ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি না থাকায় সাধারণ নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে এই পরিস্থিতি তৈরি করেন।
পরে পটুয়াখালীর দুমকি উপজেলার এক মতবিনিময় সভায় মন্ত্রী লোহালিয়া নদীর ওপর সেতু নির্মাণের ঘোষণা দেন। তিনি জানান, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়নে এই মৈত্রী সেতু নির্মিত হবে এবং আগামী বছরের শুরুর দিকে এর কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এস এম/ ১৯ মে ২০২৬









