ঈদুল আজহা উপলক্ষে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

ঢাকা, ১৮ মে – আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যাত্রী ও যানবাহনের যাতায়াত নির্বিঘ্ন রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কোরবানির ঈদের সময় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পেট্রোবাংলার চেয়ারম্যানকে একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে,
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার সুবিধার্থে ঈদের আগের ৭ দিন, ঈদের দিন এবং ঈদের পরবর্তী ৫ দিনসহ মোট ১৩ দিন সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক সেবা প্রদান করবে। সরকারের এই সিদ্ধান্ত আগামী ২১ মে থেকে শুরু হয়ে ২ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর ফলে সরকারি চাকুরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন। মূলত সাধারণ মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে এবং যানজট নিরসনে জ্বালানি সরবরাহের এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এস এম/ ১৮ মে ২০২৬









