রাজশাহী

রাজশাহীতে মটর শ্রমিকদের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহী, ১৮ মে – রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে আকস্মিকভাবে বন্ধ হয়ে গেছে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের বাস চলাচল। সোমবার সকাল সাড়ে আটটা থেকে শ্রমিকদের একাংশ ধর্মঘট শুরু করলে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,

গতকাল রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করে। এই কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে সাধারণ নির্বাচন ছাড়া এই কমিটি গঠন করায় শ্রমিকদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা অবিলম্বে এই কমিটি বাতিল করে তিন মাস মেয়াদী একটি আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান। আন্দোলনকারী শ্রমিকদের মতে, এই আহ্বায়ক কমিটির মাধ্যমেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজশাহীর শিরোইল ও অন্যান্য বাস টার্মিনালগুলোতে শত শত যাত্রী আটকা পড়েছেন। বিশেষ করে জরুরি কাজে গন্তব্যে যাওয়ার জন্য ঘর থেকে বের হওয়া যাত্রীরা বেশি বিপাকে পড়েছেন।

যাত্রীদের অভিযোগ, শ্রমিকদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সাধারণ মানুষকে জিম্মি করা হচ্ছে এবং এর খেসারত দিতে হচ্ছে সাধারণ যাত্রীদের। তবে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মালিক বা শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এস এম/ ১৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language